প্রিন্ট এর তারিখঃ Sep 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
রাজনীতিতে সৎ ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
দেশের সার্বিক উন্নয়ন টেকসই করতে হলে রাজনীতিতে সৎ ও মেধাবী তরুণদের অংশগ্রহণ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তিনি সতর্ক করে বলেছেন, সঠিক ও মানসম্মত রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের বর্তমান অগ্রগতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধরে রাখা দুরূহ হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
সেমিনারে আন্দালিভ রহমান বলেন, কেবল অবকাঠামোগত উন্নয়ন বা শিল্পায়ন দিয়েই প্রকৃত অগ্রগতি পরিমাপ করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন টেকসই উন্নয়ন, যা নিশ্চিত করতে পারে কেবল দক্ষ ও যোগ্য নেতৃত্ব।
বিগত দেড় দশকে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বের আস্থার সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, একসময়ে মেধাবী তরুণদের একটি বড় অংশ রাজনীতি বিমুখ হয়ে পড়েছিল, যার ফলে সাধারণ মানুষের মাঝে রাজনীতির প্রতি একধরনের অনাস্থা তৈরি হয়। এমনকি রাজনীতিবিদদের নিজেদের সন্তানরাও এখন রাজনীতিতে আসতে উৎসাহী নন বলে জানান তিনি।
রাজনীতির মূল কাঠামোর ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, কেবল ভালো উপাদান দিয়েই ভালো কিছু তৈরি সম্ভব নয়, এর জন্য দক্ষ কারিগরেরও প্রয়োজন হয়। ঠিক তেমনি, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে সৎ ও গুণী মানুষের না আসলে কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী রূপ নেবে না।
ঐতিহাসিকভাবে বরিশাল অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং তৎপরবর্তী সময়েও জাতীয় রাজনীতিতে বরিশাল নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছে।
বরিশালকে একটি আধুনিক ও স্বপ্নের নগরী হিসেবে গড়ে তুলতে হলে স্থানীয় পর্যায়ে নতুন প্রজন্মের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দেন মন্ত্রী। পাশাপাশি, বরিশালসহ আশপাশের অঞ্চলের তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করতে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট